করোনাভাইরাসের কারণে এবার পিছিয়ে গেল চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব সুন্দরী’ সিনেমার মুক্তির তারিখ। সিনেমাটি ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল।
চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন এই সিনেমার মাধ্যমে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি ৮ মার্চ সেন্সর সনদপাত্র পায়। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
গত বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা মুক্তি পায়নি। প্রযোজনা সংস্থা জানিয়েছে, নানা কারণে সে সময়ে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটাও পিছিয়ে দিতে বাধ্য হলো প্রযোজনা সংস্থা। কারণ ইতিমধ্যেই হল মালিকদের সংগঠন ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সিনেমাটির চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘২৭ মার্চ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পিছিয়ে দিতে হলো। কারণ কারোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যেই দেশের পরিস্থিতি ভালো নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে।’
এর আগে মাছরাঙা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজ ও জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে এক যোগে প্রকাশ হয়েছিল একটি গান। কণা ও ইমরানের গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।