ইংল্যান্ডের সিরিজ আয়োজনের প্রস্তাব উইন্ডিজের

ইংল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কার মধ্যে। সামনের জুনে ইংল্যান্ডের নতুন আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম শুরুর কথা। সময়মতো সেই সিরিজ শুরু হবে কি না তা নিয়ে এখন বিস্তর শঙ্কা। এমন অবস্থায় ইংল্যান্ডের পাশে দাঁড়িয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা চাইছে জুনে ইংল্যান্ড তাদের সিরিজটি নিজেদের মাটিতে আয়োজন করতে।

ক্যারিবিয়ান অঞ্চলেও করোনাভাইরাস ছড়িয়েছে কিন্তু ইংল্যান্ডের চেয়ে সেখানে অবস্থা অনেকটাই স্থিতিশীল। ইংল্যান্ডে গতকাল পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর এসেছে। তাই তিন টেস্টের সিরিজটি যথাসময়ে করার জন্য ইসিবির সঙ্গে কথা বলেছে ক্রিকেট উইন্ডিজ প্রধান জনি গ্রেভ। তিনি জানান, ‘গত কয়েক দিনে আমার টম হ্যারিসনের সঙ্গে দুইবার কথা হয়েছে। তাকে জানিয়েছি আমরা যতটা সম্ভব সহযোগিতা করব। শেষ পর্যন্ত আমি এটাও বলেছি যেন ওদের মাঠে খেলা হওয়া অসম্ভব থাকলে আমরা সিরিজ আয়োজন করতে চাই। স,্প্রচার স্বত্ব, বাণিজ্যিক স্বত্ব সব তাদেরই থাকবে।’

একই রিপোর্টে বলা হয়, পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের ৩ টেস্টের হোম সিরিজও ইসিবি উইন্ডিজে আয়োজন করতে পারবে। এদিকে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন শঙ্কায় আছেন ঘরের মাঠে শেষ ক্রিকেট সামারে বল করতে না পারার। ৩৭ বছর বয়সী এই তারকা এবারই হোম সিজন শেষে অবসরের কথা ভাবছেন। জানালেন, ‘ক্রিকেট এবং বাকি সব খেলা আমার জীবন। এটাই আমি বিশ্বাস করি। কিন্তু ভয় হচ্ছে এবার দেশের মাটিতেই আমি বল করতে পারব না। কারণ এখনই এই মৌসুম শুরুর ব্যাপারে কোনো সম্ভাবনাই দেখছি না। সব কিছু কেমন ঘোলাটে হয়ে গেছে। আমি এজন্য বেশ উদ্বিগ্ন।’