করোনাভাইরাস রোধে প্রবাসীদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম। নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে তিনি বিদেশ ফেরত সবাইকে কোয়ারেন্টাইন-নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
আশরাফুল বলেছেন, ‘আপনারা আমাদের ভাই, আমাদের পরিবারের সদস্য। আপনারা যারা দেশে ফিরছেন, তারা দয়া করে কোয়ারেন্টাইন মেনে চলুন। আপনাদের পরিবার-পরিজন আছে। আপনাদের মাধ্যমে কেউই যেন সংক্রমিত না হয়। আপনি একটু নিয়ম মেনে চললে দেখবেন আপনার পরিবারের সবাই নিরাপদে থাকবে।’ করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার কথাই বলছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এক নম্বর গোলরক্ষক, ‘সারা দুনিয়া করোনা-আতঙ্কে ভুগছে। পৃথিবীর ১৭৩-১৭৪টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশও আছে। আপনারা দয়া করে আতঙ্কিত হবেন না। সচেতন হোন। জনবহুল স্থান এড়িয়ে চলুন। দূরপাল্লার ভ্রমণ পরিহার করুন। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না। বাইরে কাজে গেল অবশ্যই বাড়ি ফেরার পর দ্রুত পরিচ্ছন্ন পোশাক পরুন। সাবান-পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন।’ আশরাফুল করোনাভাইরাসকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলছেন, ‘আপনারা কেউই করোনাভাইরাসকে হালকাভাবে নেবেন না। আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই।’