করোনা আতঙ্কে হাসপাতাল থেকে পালিয়েছে রোগী

করোনা আক্রান্ত রোগী আসার গুজবে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি থাকা ৩৮ রোগী পালিয়ে গেছে বলে জানা গেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজ গ্রামের সৌদি প্রবাসী মোর্শেদা ওরফে ফেলানী (২৮) গত ২০ ফেব্রম্নয়ারি ঢাকায় আসেন। সেখান থেকে ২৭ ফেব্রম্নয়ারি আসেন বাড়িতে। ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী মোর্শেদা বাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি হাসপাতালে আসছেন এমন খবরে শুক্রবার রাত ১০টার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালটিতে। ফলে সেখানে বিভিন্ন বিভাগে ভর্তি থাকা ৩৮ রোগী পালিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত প্রবাসী মোর্শেদা হাসপাতালে আসেননি।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মঞ্জুর মোর্শেদ রোগী পালানোর সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রবাসী মোর্শেদার কোয়ারেন্টাইনের সময় শেষ হয়েছে এবং তিনি সুস্থ আছেন। কিন্তু গুজবে হাসপাতাল থেকে ওই ৩৮ রোগী পালিয়েছে।’