দেড় মাস পিছিয়ে গেল ইংলিশ পেশাদার ক্রিকেট

করোনাভাইরাস সংক্রমণে ইউরোপের অবস্থা করুন। অবশ্য কেবল ইউরোপ নয় গোটা বিশ্বের জনজীবন স্তব্ধ হয়ে আছে। থেমে গেছে ফুটবল। থেমে গেছে ক্রিকেটও। করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট বন্ধ থাকছে ইংল্যান্ড ও ওয়েলসে। সাত সপ্তাহ দেরিতে ক্রিকেটের ঘরোয়া মৌসুম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের আগে কথা বলেছে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সঙ্গে। ১২ এপ্রিল কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল। ইসিবি-র মুখ্য কার্যনির্বাহী অফিসার টম হ্যারিসন বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে ২৮ মে-র আগে পেশাদার ক্রিকেট মৌসুম শুরু করা যাচ্ছে না। এতে পরিস্থিতির ওপর নজর রাখার সময় মিলছে। পরিবর্তিত মৌসুম কী দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। যতটা সম্ভব নমনীয় থাকতে হবে আমাদের।’ ইসিবি অবশ্য জুন, জুলাই বা আগস্টে হলেও কাউন্টি ক্রিকেট শুরু করা যায় কি না, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে।