৩১ মার্চ পর্যন্ত হকি ফেডারেশন কার্যালয় বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন ও খেলাও স্থগিত করা হয়েছে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ হকি ফেডারেশন।

করোনাভাইরাসের বিস্তার এড়াতে আগেই দেশে সব ধরনের খেলাধুলা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নির্দেশ দেয় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তো অনির্দিষ্ট সময়ের জন্যই মাঠের ক্রিকেট স্থগিত করেছে।

বিসিবির কর্মকর্তা-কর্মচারীরাও তাদের দাপ্তরিক কাজ করবেন বাসায় বসে। এবার হকি ফেডারেশনও হাঁটল সেই পথে।

বিবৃতিতে হকি ফেডারেশন জানায়, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে চলমান করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সে লক্ষ্যে ফেডারেশনের মাননীয় সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মহোদয়ের নির্দেশক্রমে আজ ২২ মার্চ ২০২০ থেকে আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয় বন্ধ ঘোষণা করা হলো।’

‘একই সাথে উক্ত সময়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন ও খেলাও স্থগিত ঘোষণা করা হলো। উক্ত সময়ে হকি ফেডারেশনের যে কোন দাপ্তরিক কার্যক্রম (একান্ত প্রয়োজনীয় ব্যতীত) ঘরে বসে অনলাইনের মাধ্যমে সম্পাদনের নির্দেশ প্রদান করা হয়েছে বাহফে সংশ্লিষ্টদের প্রতি। সেই সাথে সকল কর্মকর্তা, কর্মচারীদের প্রতি নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণের অনুরোধ জানানো হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইতিমধ্যে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এর সভাপতি নরেন্দ্র ধ্রুভ বাত্রা ও প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি উইলের স্বাক্ষরিত একটি চিঠি এফআইএইচ-এর প্রতিটি সদস্য দেশকে পাঠানো হয়েছে। যেখানে সারা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।’