চট্টগ্রামে করোনা সচেতনতায় মাইকিংয়ে মেয়র নাছির

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও জনসচেতনতা সৃষ্টি করতে মাইক হাতে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

রবিবার দুপুর থেকে তিনি চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, জনবসতি এলাকা ঘুরে ঘুরে মাইকিং করেছেন।

এ সময় নগরবাসীর উদ্দেশ্যে সিট মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া প্রতিটি ওয়ার্ড মেডিকেল সেন্টারে নিয়োজিত ডাক্তারদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা নির্দেশনা না মানলে তাদের সচেতন করুন। নিজে, পরিবার পরিজন, পাড়া-প্রতিবেশীকে করোনার সংক্রমণ থেকে বাঁচাতে হোম কোয়ারেন্টাইনে তাদের থাকতে হবে। তারা যদি নির্দেশনা না মানে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সংবাদ দিন। আমাকে জানান। আমি ব্যবস্থা নেব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঢালাওভাবে প্রচার চালিয়ে তথ্য বিভ্রান্তি সৃষ্টি করবেন না’।

আ জ ম নাছির উদ্দিন আরো বলেন, ‘করোনা শঙ্কার কারণে সব কর্মজীবীদের আয় কমে গেছে। এতে করে নিম্নজীবী মানুষের আয় কমে গেছে। তাদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এই দুঃসময়ে নানা উদ্যোগ নিয়ে নিম্নজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে’।

সিটি মেয়র নগরের লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেইট, ষোলোশহর রেল স্টেশন, মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, জামালখান, কাজীর দেউড়ি, আন্দরকিল্লা, বকসির হাটসহ বিভিন্ন এলাকায় মাইকিং করেন।

এ সময় সিটি মেয়রের সঙ্গে ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, লিটন রায় চৌধুরী, বকসির হাট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমান, মোহাম্মদ তারেক প্রমুখ।