কক্সবাজারের উখিয়ার ইনানিতে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য তিনটি রিসোর্ট রিকুইজিশন করা হয়েছে।
বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সোমবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ও সমুদ্র সৈকত ঘেঁষা ৩ আবাসিক রিসোর্ট রিকুইজিশন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
রিসোর্টগুলো হচ্ছে- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানি বিচ এলাকার লা বেলা রিসোর্ট, পেভেল স্টোন রিসোর্ট ও রয়েল স্টোন রিসোর্ট। রিসোর্টগুলোতে ইতিমধ্যে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এসব রিসোর্টে ১৫০ টি কোয়ারেন্টাইন বেড প্রস্তুত করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, নির্ধারণ করা ৩টি রিসোর্ট রিকুইজিশন করে আপত্কালীন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহারের জন্য রাখা হয়েছে। গত ২২ মার্চ কক্সবাজার জেলা প্রশাসন প্রতিটি উপজেলায় কমপক্ষে ১শ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন তৈরি করতে জরুরি চিঠি দেয়া হয়।
এ তিনটি রিসোর্টকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে হিসাবে পরিণত করতে অবশিষ্ট কাজ আগামী ২৫ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। নিকারুজ্জামান আরও বলেন, রিকুইজিশনকৃত তিনটি রিসোর্টে কমপক্ষে ১৫০ জনের কোয়ারেন্টাইন বেড প্রস্তুত করা হচ্ছে।