অনলাইনে পরিচালিত হবে বিওএ’র দাপ্তরিক কার্যক্রম

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সকল দাপ্তরিক কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিওএ কার্যালয়ে কার্যক্রম সম্পাদনের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি সীমিত করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিওএ।

বিবৃতিতে দেশের ক্রীড়াঙ্গনের সকল ফেডারেশনের অভিভাবক সংস্থা জানায়, ‘বর্তমানে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে থাকার জন্য বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বিওএ-র সকল দাপ্তরিক কার্যক্রম অদ্য ২৩ মার্চ ২০২০ তারিখ হতে অনলাইনে পরিচালিত হবে। তবে দাপ্তরিক জরুরি কার্যক্রম সম্পাদনের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি সীমিত করা হয়েছে।’

‘পাশাপাশি করোনাভাইরাস রোধকল্পে বিওএ-র সকল সদস্যবৃন্দ, ফেডারেশন/অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের সশরীরে বিওএ-তে প্রবেশের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।’

‘তাদের কার্যক্রম সম্পাদনের জন্য টেলিফোন অথবা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।’

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা হয়েছে। অনলাইনে দাপ্তরিক কাজ সম্পাদন করছে দুই সংস্থার কর্মকর্তা-কর্মচারিরা।