করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে ব্যস্ততম এ নৌরুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে এদিন সকাল থেকে এ নৌরুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহা-ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর নৌ-যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নৌরুটে ১৪ টি ফেরি দুপুর ২ টার দিকে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া সকাল থেকেই চলাচলকারী ৮৪ টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাট পোর্ট অফিসার শাহ আলম।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফেরি, স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।