করোনাকে হারিয়ে স্বাভাবিক জীবনে আর্সেনাল কোচ

ইংল্যান্ডে ফুটবল সংশ্লিষ্ট যাদের প্রথম করোনাভাইরাস ধরা পড়েছিল তাদের মধ্যে অন্যতম আর্সেনালের কোচ মিকেল আরতেতা। যিনি এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্প্যানিশ কোচ আরতেতা বলেছেন, ‘‌এই মুহূর্তে অনেকটা সুস্থ আছি। মনে হচ্ছে যেন আমি সংক্রমণ কাটিয়ে উঠেছি। আগামী কয়েক দিনের মধ্যেই স্বাভাবিকভাবে চলাফেরা করার শক্তি ফিরে পাব।’

ইউরোপা লিগে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে ম্যাচের পর আরতেতার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। অলিম্পিয়াকোসের মালিক ইভাঙ্গেলোস মারিনাকিস তখন করোনাভাইরাস বহন করছিলেন। যা কেউ বুঝতেই পারেনি। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইভাঙ্গেলোসের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবাইকে যেতে হয় কোয়ারেন্টাইনে।

১২ মার্চ আর্সেনাল কোচের শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর আসে। চিকিৎসকদের নির্দেশমতো স্বাস্থ্যবিধি মেনেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন আরতেতা। জানিয়েছেন, ‌অসুস্থ থাকার সময় সাধারণ সর্দি-কাশিতে যে ধরনের ওষুধ খেতেন, তাই খেয়েছিলেন। তারপরেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।‌