দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার পেশাদার লিগ কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে দেশে সব ধরনের খেলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যে নির্দেশনা মেনে ৩১ মার্চ পর্যন্ত প্রিমিয়ার ফুটবল লিগ স্থগিত করেছিল বাফুফে। এবার দেশের সার্বিক পরিস্থিতে সেটি অনির্দিষ্টকালের জন্যই পিছিয়ে দেওয়া হলো।
শুধু প্রিমিয়ার লিগই নয়, পেশাদার লিগ কমিটির আওতাধীন সব খেলাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জরুরি সভা ডেকে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে এদিনের সভায় বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছাড়া বাকি সব ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।