বাংলাদেশে অধ্যয়নরত ভারতের কাশ্মীরের ৮০ জন শিক্ষার্থীকে দেশে ঢুকতে দিচ্ছে না সে দেশের পেট্রাপোল ইমিগ্রেশন। ঢাকা থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসে তারা আটক পড়েছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ৮০ জনের মধ্যে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী।
বেনাপোল ইমিগ্রেশন থেকে জানায়, মঙ্গলবার সকালে ৮০ জন ভারতীয় শিক্ষার্থী তাদের দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন।
খবর পেয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেয় কোনভাবেই তাদের ওই নাগরিকদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। এ অবস্থায় বেনাপোল ইমিগ্রেশনে আটকে থাকা ভারতীয়দের পাসপোর্টে এক্সিট সিল মারেনি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে সকাল থেকে আটকে থাকা ওই তরুণ-তরুণীরা চরম দুর্ভোগে পড়েছেন।
আটকে থাকা ভারতীয় কাশ্মীরি নাগরিক দানিস আহম্মেদ, মোহাম্মদ আশেক, আবাদুর রাজ্জাক, সাকলাইন মোস্তাক, আনোয়ার, সালমানবাট, শাহাজাদী, রাফিকা, সোয়ারা জানান, তাদের বাড়ি ভারতের কাশ্মীর। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে লেখাপড়া করেন।
করোনাভাইনাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় তারা নিজ দেশে ফিরে যেতে চান।
তারা জানান, কী কারণে তারা বাড়িতে যেতে পারছেন না তা তারা জানেন না। ভারতীয় ইমিগ্রেশন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে বলে শুনেছেন। কেউ তাদেরকে কিছু বলছেনও না।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, আমরা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনকে জানিয়েছি। তারা ওই ৮০ জনকে গ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে।
ইমিগ্রেশন কাস্টমস এর সহকারী রাজস্ব অফিসার আজিজুর রহমান বলেন, আমাদের কোনো বাধা নাই। ভারত সব বন্ধ করে দিয়েছে।