বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার থেকে বাংলাবান্ধা দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে ১৫ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারও বন্ধ করে দুই দেশ।

এ বিষয়ে বুধবার সকালে বন্দরটির আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন এবং করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমরা আমদানি রপ্তানি বন্ধ রেখেছি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মরণঘাতী করোনাভাইরাস বিস্তারের পর ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় ভারত। এতে করে নতুন করে কোনো বাংলাদেশি যেমন যেতে পারছেন না ভারতে। তবে দু’দেশের ফেরতগামী নাগরিকরা এ বন্দর দিয়ে ফিরে যেতে নিষেধাজ্ঞা না থাকায় তারা দেশে ফিরছেন। তবে চারদেশীয় ব্যবসা-বাণিজ্য হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখা হয়।