আইপিএলের সর্বশেষ আসরে (গত বছর) জস বাটলারকে ‘মানকাড় আউট’ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। অশ্বিন অবশ্য সব সময়ই বলেছেন যা করেছেন, ঠিকই করেছেন তিনি। করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যে সেই ঘটনাকে এবার উদাহরণ হিসেবে দাঁড় করালেন অশ্বিন।
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই এখন থমকে গেছে বলতে হবে। ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই সময়টাতে কেউ যেন ঘর থেকে বের না হন, সে বিষয়ে সতর্ক করতেই অশ্বিন ‘মানকাড় আউট’ প্রসঙ্গ টেনেছেন।
টুইটারে সেই ম্যাচের ছবি পোস্ট করে অশ্বিন লিখেছেন, ‘হা হা হা, ঠিক এক বছর আগে এ ভাবেই রান আউট করেছিলাম। কেউ একজন আমাকে এই ছবিটা পাঠিয়ে মনে করাল। গোটা দেশ এখন লকডাউন করা হয়েছে। বাইরে বেরোলেই এ ভাবে রান আউট হতে পারেন। দেশবাসীর জন্য এটা ভালো উদাহরণ হতে পারে।’
তাই অশ্বিনের বার্তা, ‘বাইরে একদম বেরোবেন না। ঘরের ভেতরে থাকুন। নিরাপদে থাকুন।’
গত আইপিএলে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে বাটলারকে ‘মানকাড় আউট’ করেছিলেন অশ্বিন। ডেলিভারি করার ঠিক আগের মুহূর্তে নন স্ট্রাইক এন্ড-এর ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাটলার। সেই সুযোগে রাজস্থানের ইংলিশ ব্যাটারকে রান আউট করে দিয়েছিলেন অশ্বিন।
করোনাভাইরাসের এই ভয়াবহতার মধ্যে সবাইকে সচেতন করতে অশ্বিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এর মধ্যে টুইটারে ব্যবহৃত নিজের নামটাও বদলে ফেলেছেন তিনি। নতুন নাম দিয়েছেন- ‘লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া’ । যার অর্থ- ‘ভারতের সবাই, চল ঘরে থাকি।’
করোনাভাইরাসে বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের ক্রীড়া তারকারাও সচেতন করে যাচ্ছেন সবাইকে। এরই মধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা তহবিল গঠন করেছেন। নিজেদের চলতি মাসের বেতনের অর্ধেক করে অর্থ দিয়ে গঠিত হবে এই তহবিল।