নেত্রকোনায় বাড়ির আঙ্গিনার পুকুরপাড়ে খেলা করার সময় পানিতে ডzবে জোবায়ের নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার রায়দুম রুহী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আলমগীরের সন্তান। এই অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৩টার সময় ওই শিশুটি অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনার পুকুরপাড়ে খেলা করছিল। আকস্মিক শিশুটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় সঙ্গীয় শিশুদের চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির স্বজন জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।