চৌদ্দগ্রামে চলছে লকডাউন

করোনাভাইরাসের ভয়াবহতা প্রতিরোধে সারা দেশের মতো কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের নির্দেশে লকডাউন চলছে। উপজেলার সকল রাস্তাঘাটসহ সর্বত্র এখন ফাঁকা।

সীমিত আকারে কিছু ছোট যানবাহন চলাচল করলেও বুধবার বিকেল থেকে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের নির্দেশে এবং থানা পুলিশের সহযোগিতায় শুধুমাত্র হাসপাতাল, ফার্মেসি, মুদি দোকান ও কাঁচাবাজার ছাড়া উপজেলার প্রত্যেকটি বাজার, জনবহুল এলাকার সকল দোকান ও শপিংমলগুলো বন্ধ রয়েছে।

এর আগে উপজেলা প্রশাসন থেকে ঘোষণা করা হয়, লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। তবে এ সময় শুধু সরকারি জরুরি সেবা অব্যাহত থাকবে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

এদিকে অকারণে জনসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সেনা ও পুলিশি টহল অব্যাহত রয়েছে।

বৃস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. নাছির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দলকে চৌদ্দগ্রাম বাজারে জনসাধারণকে ঘরে অবস্থান করার জন্য হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে সচেতন করতে দেখা যায়।