নভেল করোনাভাইরাস মোকাবিলা করতে ভারতের অর্থমন্ত্রী ১ লাখ ৭০ হাজার কোটি রুপির বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। তাতে বলা হয়েছে, গরীব কল্যাণ প্রকল্পের আওতায় এত দিন যে ৮০ কোটি মানুষ প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি চাল পেতেন তার সঙ্গে অতিরিক্ত আরও ৫ কেজি দেওয়া হবে। দেওয়া হবে অতিরিক্ত ১ কেজি ডালও।
বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একাধিক পদক্ষেপের কথা জানান দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তিনি বলেন, যে সব সংস্থার কর্মীসংখ্যা ১০০’র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে সরকার। অর্থাৎ নিয়োগকর্তা এবং কর্মী, দু’পক্ষের হয়েই কেন্দ্র টাকা দেবে।
এ ছাড়া বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, ইপিএফ আইনে রদবদল ঘটাতেও সরকার প্রস্তুত বলেও জানান সীতারমণ। তেমনটা হলে, জরুরি পরিস্থিতিতে কেউ চাইলে নিজের কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ অথবা তিন মাসের বেতন (যে অঙ্ক কম হবে) তা আগাম তুলতে পারবেন।
আক্রান্তদের সেবায় নিযুক্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য আগামী তিন মাস মাথাপিছু ৫০ লাখ টাকার বিমা থাকছে।
এভাবে সব মিলিয়ে দরিদ্র মানুষের জন্য ১ লাখ ৭০ হাজার কোটি রুপি খরচ করবে ভারত সরকার।