স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা 'করোনাভাইরাসে আক্রান্ত'

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত বলে খবর প্রকাশ হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে আছেন বলেও জানা গেছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খবর: প্রথম আলো। 

বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে নতুন পাঁচজনের করোনা শনাক্ত হওয়ার ঘোষণা দেন। ওই পাঁচজনের একজন ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইইডিসিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে যাওয়ার কথা বলেন।

তবে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, ‘আমরা নীতিগতভাবে কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করি না।’