সাতক্ষীরায় আমবাগানে হত্যার আসামির গুলিবিদ্ধ লাশ

সাতক্ষীরার ধুলিহরে হত্যাসহ একাধিক মামলার আসামি অহেদ আলী গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ সময় উদ্ধার করা হয় একটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলি।

পুলিশের দাবি, দুইদল সন্ত্রাসীর গোলাগুলির মুখে ওই ব্যক্তি নিহত হতে পারে।

নিহত অহেদ আলী গাজী ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগানে এক ব্যক্তির লাশ পড়ে আছে- এমন সংবাদে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়।

এ সময় হত্যাসহ একাধিক মামলার আসামি অহেদ আলী গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছোরা।

ওসি আরও জানান, অহেদের বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুন হত্যা এবং ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ ৬টি মামলা রয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।