লালমনিরহাটে পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পৃথক ঘটনায় নিখোঁজ থাকার একদিন পর পুকুর থেকে এক গৃহবধূ ও আরেক ঘটনায় একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন স্পার বাঁধ এলাকার একটি পুকুর থেকে এক শিশু ও সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকার আরেকটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- উপজেলার সারপুকুর ইউনিয়নের টেপারহাট এলাকার প্রফুল্য চন্দ্র বর্মনের স্ত্রী জয়মালা রানী (৪০) ও মহিষখোচা ইউনিয়নের উত্তর কচুমুড়া এলাকার ইউনুস আলীর ছেলে জীম মিয়া (৭)।

আদিতমারী থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বাইরে গিয়ে আর ফেরেননি গৃহবধূ জয়মালা রানী।

অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার। শুক্রবার সকালে বাড়ির পাশেই একটি পুকুরে খোঁজাখুঁজি করে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

খবর পেয়ে থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

অন্যদিকে শিশু জিম খেলতে গিয়ে মহিষখোচা এলাকার গোবর্দ্ধন সলেডি স্পার বাঁধ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে নিখোঁজ হয়। তার সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং করেও সন্ধান মেলেনি। শুক্রবার সকালে তার খালু সাইদুল ইসলামের বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, দুটি ঘটনায় মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।