ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইছুবপুর গ্রামে হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম আবু হানিফ (৩২)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইছবপুর গ্রামের মৃত নেকবর আলীর ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইছবপুর গ্রামের আবু হানিফ তার একটি গরু নিয়ে জমির আলপথ দিয়ে বাড়িতে নিয়ে আসছিলেন। এ সময় আবু হানিফের চাচাতো ভাই একই গ্রামের হাবিবুর রহমানের জমির ধান গরু খেয়েছে অভিযোগ করেন।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমান লাঠি দিয়ে মাথায় আঘাত করলে আবু হানিফ গুরুতর আহত  হন।

স্বজনরা আবু হানিফকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফের মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল এ ঘটনা ঘটেছে। তারা এক অপরের চাচাতো ভাই। শুত্রবার ভোর রাতে আহত অবস্থায় তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তবে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।