দোহারে কোয়ারেন্টাইন না মানায় অর্থদণ্ড

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঢাকার দোহার উপজেলায় বিদেশ ফেরতদের অনেকেই হোম কোয়ারেন্টাইন মানছেন না। এ জন্য ভ্রাম্যমাণ আদালত তাদের কাউকে কাউকে জরিমানাও করেছেন।

শুক্রবার উপজেলার নারিশা ইউনিয়নে ঝনকি গ্রামে হোম কোয়ারেন্টাইন না মানায় রবিউল ইসলাম মিঠু নামে এক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে স্থানীয় শাহজাহান খানের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ঝনকি গ্রামে ইতালি থেকে আসা রবিউল ইসলাম হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা দেখতে যান।

এ সময় সঠিক ভাবে হোম কোয়ারেন্টাইন পালন না করার অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রবিউল ইসলামের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই বাড়িটি লকডাউন করে দেয়া হয়।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। যারা সঠিকভাবে কোয়ারেন্টাইন পালন করবে না এবং সরকারের নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।