লন্ডনের হাসপাতালে করোনা রোগীদের ‘সুনামি’

লন্ডনের হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগীদের ‘সুনামি’ বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) ডাক্তাররা। যুক্তরাজ্যে ইতিমধ্যে ১১ হাজার ৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গতকাল শুক্রবার। দেশে তিন সপ্তাহের জন্য লকডাউনও ঘোষণা করা হয়েছে।

এনএইচএসের নির্বাহী কর্মকর্তাদের মতে, লন্ডনের হাসপাতালগুলোতে চাহিদার তুলনায় পর্যাপ্ত সুবিধা নেই। কর্মকর্তা ক্রিস হপসন বিবিসি রেডিওকে বলেন, ‘একের পর এক ঢেউ আসছে হাসপাতালগুলোতে। তবে শুধু সংকটাপন্ন রোগীদের হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে। সামনের সপ্তাহগুলোতে রোগীদের সংখ্যা অনেক বাড়তে পারে। এই অবস্থার সঙ্গে সুনামির তুলনায় করা যায় শুধু।’

লন্ডনের পূর্বাংশে সম্প্রতি চার হাজার শয্যার একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। ওই হাসপাতালে আগামী সপ্তাহ নাগাদ আরও ৫০০ শয্যা বাড়ানো হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে যুক্তরাজ্যের ব্যবসায়ী ও চাকরিজীবীদের রক্ষায় আর্থিক প্যাকেজ ঘোষণার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির পার্লামেন্ট। অর্থমন্ত্রী ঋষি সুনাক এই নিয়ে কাজ করছেন বলে জানিয়েছে এএফপি। এনএইচএসের বর্তমানে আট হাজার স্বেচ্ছাসেবী রয়েছে।