সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাড়ির গাছ কাটতে নিষেধ করায় ছেলে রাহেল আহমদ (৩৫) দা দিয়ে কুপিয়ে বাবা আবদুল করিম ওরফে ঠাকুর মনাইকে (৬০) খুন করেছে। এ সময় বাধা দেওয়ায় মা মিনারা বেগমকেও কুপিয়ে আহত করেছে ছেলে।
শুক্রবার সকালে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ছেলে রাহেল পালিয়ে গেছে।
গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে যায় ছেলে রাহেল। এ সময় তার বাবা আবদুল করিম ও মা মিনারা বেগম গাছ কাটতে নিষেধ করেন। এতে রাহেল মা-বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে সে দা দিয়ে বাবাকে উপর্যুপরি কোপাতে থাকে। তখন মা এগিয়ে গেলে তাকেও কোপায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রাহেল দা হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আবদুল করিম ও মিনারা বেগমকে গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল করিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিনারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, রাহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।