মসুর ডালের উপকারিতা

মসুর ডালে আছে বেশ কিছু পুষ্টিকর উপাদান, যা একাধিক রোগ উপশমে উপকারী। জেনে নিন মসুর ডালের কিছু উপকারিতা বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে : মসুর ডালে উপস্থিত ফাইবার, রক্তে মিশে থাকা বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা রাখে। ফলে একদিকে যেমন হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে, তেমনি স্ট্রোকের সম্ভাবনাও হ্রাস পায়।

হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে : মসুর ডালে ফাইবার ছাড়াও ফলেট ও ম্যাগনেশিয়ামের উপস্থিতি হার্টের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে কোনো ধরনের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়।

হজম ক্ষমতার উন্নতি : মসুর ডালে থাকা প্রচুর পরিমাণে ফাইবার হজমে সহায়ক এসিডের ক্ষরণ বাড়িয়ে তোলে।

রক্তে শর্করার মাত্রা কমায় : ডালে উপস্থিত সলেবল ফাইবার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হাইপোগ্লাইসেমিয়ার মতো সমস্যাও কম হয়।

প্রোটিনের ঘাটতি দূর করে : মসুর ডালে উপস্থিত ২৬ শতাংশ ক্যালরি আমাদের শরীরে প্রোটিন হিসেবে প্রবেশ করে। ফলে শরীরের জন্য প্রয়োজনীয় এই উপাদানের ঘাটতি দূর হয়।

এনার্জির ঘাটতি দূর হয় : শরীরে ফাইবার ও কার্বোহাইড্রেটের ঘাটতি যত কমবে, তত এনার্জি বাড়তে থাকবে। তাই অল্পতে ক্লান্ত হয়ে পড়ার মতো লক্ষণ দেখা দিলে বেশি করে মসুর ডাল খাওয়া শুরু করুন।

ওজন হ্রাসে সাহায্য : পেট ভরা থাকলে খাওয়ার ইচ্ছা কমে। খাবার যত কম খাওয়া হবে, তত ওজন বাড়ার আশঙ্কা কমবে। মসুর ডালে উপস্থিত কার্বোহাইড্রেট, প্রোটিন, উপকারী খনিজ ও ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেটকে ভরিয়ে রাখে।