সীতাকুন্ডে ট্রাকের চাকায় পিষ্ট শিশু

চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি দাস নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিরা-সন্দীপ ঘাটঘর সড়কের জেলেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহত তিথি জেলেপাড়ার কৃষ্ণ জলদাসের মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে সড়কে খেলার সময় রডবোঝাই ট্রাকের (চট্টমেট্রো ট-১১ ৭৬৬৬) নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই নিহত হয় তিথি।

স্থানীয়রা লাশ উদ্ধার করে ও ট্রাক চালককে আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ চালকসহ ট্রাকটি থানায় নিয়ে আসে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে বলে জানান সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।