ইউপি সদস্যকে পেটালেন এসিল্যান্ড, ইউএনও বললেন ‘আরো পেটানো উচিত ছিল

এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার  সন্ধ্যায় উপজেলার কালুপীর বাজারে সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য গাজিউর রহমানকে পিটিয়ে জখম করা হয়।

বিচার চেয়ে আহত ওই ইউপি সদস্য শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। তবে  নির্বাহী অফিসার রেজাউল করিম এসিল্যান্ডের পক্ষে সাফাই গেয়ে বলছেন, মেম্বারকে আরো পেটানো উচিত ছিল।

উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে দেওয়া অভিযোগে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে উপজেলার কালুপীর বাজারে জনসমাগম ঠেকাতে শুক্রবার দুপুর থেকে গ্রাম পুলিশ ও থানা পুলিশ নিয়ে চেষ্টা চালান সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য গাজিউর রহমান। সন্ধ্যার দিকে ওই বাজারের একটি ফলের দোকান থেকে কিছু ফল কিনে খাচ্ছিলেন ইউপি সদস্য গাজিউল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হন। ওই সময় ইউপি সদস্য গাজিউর রহমান এগিয়ে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন এ্যাসিল্যন্ড তরিকুল  ইসলাম।

এ সময় পুলিশ সদস্যরা এসিল্যান্ডকে জানান, ‘তিনি ওই এলাকার ইউপি সদস্য, তাকে মারছেন কেন’।

অভিযোগ রয়েছে, এটা শোনার পরও এসিল্যান্ড ইউপি সদস্যকে পেটাতে থাকেন। একটি লাঠি ভেঙে গেলে আরো একটি লাঠি নিয়ে ইউপি সদস্যকে পেটান এসিল্যান্ড এবং গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে পুলিশ ওই ইউপি সদস্যকে রক্ষা করেন। স্বজনরা রাতেই আহত ওই ইউপি সদস্যকে  পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জখম ইউপি সদস্য গাজিউর রহমান অভিযোগ করে বলেন, ইউপি সদস্য পরিচয় পাওয়ার পর তাকে আরো বেশি করে পেটান এসিল্যান্ড। মামলায় ফাঁসানোর হুমকি দেন।

এ বিষয়ে নিজের দায় এড়িয়ে এসিল্যান্ড তরিকুল ইসলাম বলেন, রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছিলেন ওই মেম্বার। এ জন্য তিনি নন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে চলে যেতে ফোর্স করেন। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ‘মেম্বারকে আরো পেটানো উচিত ছিল। তারা কোনো কাজ করে না। সারা দিন লোকজন নিয়ে বাজারে বসে থাকে। তাদের বেশি করে পেটালেই সব ঠিক হয়ে যাবে’।