নিউ ইয়র্কে করোনায় ১২ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গতকাল শনিবার সেখানকার একটি হাসপাতাল তাদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। এ নিয়ে নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২ বাংলাদেশি মারা গেলেন। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যম থেকে এ তথ্য পাওয়া গেছে।

একেএম মনির উদ্দিন নামে ৬৩ বছরের এক ক্যাবচালক গত ২৭ মার্চ মারা যান। একই দিন সফিউদ্দিন বেপারি নামে ৫৮ বছরের আরেক ব্যক্তি মারা যান। বৃহস্পতিবার মারা গেছেন ব্রংক্স এলাকার ৭৭ বছরের এক ব্যক্তি। বুধবার মারা গেছেন ব্রুকলিন এলাকার ৪৫ বছরের মোছাম্মদ আক্তদারি।

মৃত মনির উদ্দিনের পরিবারের ঘনিষ্ঠ এক স্বজন সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান জানান, গত ৫ দিন ধরে তিনি এমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ওই হাসপাতালে তিনি মারা যান। হলুদ ক্যাব চালিয়ে তিনি জীবনধারণ করতেন। ঢাকার মনির একই সঙ্গে নিউ ইয়র্কের একটি মসজিদে স্বেচ্ছায়  মোয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করতেন।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, সফিউদ্দিন এমহাস্ট হাসপাতালে মারা গেছেন। তিনি কুইন্সে বসবাস করতেন। গতকাল তার ছেলে মারা গেছেন কিডনি রোগে আক্রান্ত হয়ে।

৭৭ বছরের যে ব্যক্তি মারা গেছেন, তার এক স্বজন ও কমিউনিটি কর্মী রাজীব আহসান বলেন তিনি মন্টিফেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ব্যক্তির পরিবারের আরও ৫ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে বলে হাসপাতাল কর্র্তৃপক্ষ আশঙ্কা করছে। হাসপাতাল থেকে মৃতের পরিবারকে বাসায় পাঠানো হয়েছে।

মন্টিফেয়ার হসপিটাল কর্র্তৃপক্ষ বলেছে, আমাদের হাসপাতালে নতুন রোগীর জন্য পর্যাপ্ত জায়গা নেই। গুরুতর অসুস্থ ব্যক্তিদেরই কেবল হাসপাতালে আসতে বলা হয়েছে। এ ছাড়া নিজের বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়। হাসপাতাল কর্র্তৃপক্ষ বলছে, কেউ যেন এই সংক্রামক রোগের বাহন না হয়ে যান। শরীরের নিজেরই এই ভাইরাস প্রতিরোধের ক্ষমতা আছে।