বলিউডের এ সময়ের এক নম্বর নায়িকা আলিয়া ভাট। ক্যারিয়ারের একটি সিনেমা বাদে সব কটিই সুপারহিট। এর সঙ্গে তিনি সমালোচকেরও প্রিয় অভিনেত্রী। গত বছর ‘গাল্লিবয়’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন ক্যারিয়ারের তিন নম্বর ফিল্মফেয়ার পুরস্কার। প্রেমিক বলিউড হাঙ্ক রণবীর কাপুরের সঙ্গে প্রেম আর ক্যারিয়ারের রমরমা অবস্থা নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন আলিয়া। কিন্তু সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন, এখন নাকি সিঙ্গেল আছেন মহেশ ভাটকন্যা।
কিছুদিন ধরে কানাঘুষা চলছে, তাহলে কি রণবীর কাপুরের এই প্রেমটিও টিকল না? এ জল্পনা শুরু হয় কদিন আগে আলিয়া ভাটের জন্মদিনে। প্রেমিকার জন্মদিন বলে কথা, তাও আবার হাজার পুরুষের হৃদয়ে রানী আলিয়া ভাট। তার জন্মদিনে কী এমন কাজ ছিল যে, একটিবারের মতো কাছে আসতে পারলেন না রণবীর? যদিও একটি সূত্র বলছে, রণবীর আরেকটি কাজে ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি। কিন্তু না মানতে নারাজ ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি দুই তারকা। সময়ই বলে দেবে আলিয়া-রণবীরের প্রেমের সম্পর্কের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়।
ব্যক্তিজীবনে যদি এমন একটি ঘটনা ঘটেও থাকে, তার ছাপ ক্যারিয়ারের ওপর ফেলতে দেওয়ার মেয়ে নন আলিয়া। অনেক আগেই শোনা গিয়েছিল ‘বাহুবলি’ নির্মাতা রাজামৌলির পরের সিনেমা ট্রিপল আর-এ আলিয়াকে দেখা যাবে। এ নিয়ে মুখ খুলেছেন তিনি। শুধু সিনেমার ঘোষণা নয়, একেবারে পোস্টার প্রকাশ করে দর্শকদের উৎসাহ বাড়িয়ে দিয়েছেন আলিয়া। ইন্সটাগ্রাম, ইউটিউব বা টুইটারের বহু পুরনো সদস্য আলিয়া। কিন্তু ফেইসবুকে মাসখানেক আগে অভিষেক ঘটেছে তার। সেখানেই নিজের নতুন সিনেমার মোশন পোস্টার প্রকাশ করলেন তিনি। এই সিনেমার নাম ‘রাইজ রোর রিভল্ট’। যদিও এটি সিনেমার হিন্দি ভার্সনের নাম। তেলেগুতে সিনেমার নাম ‘রৌদ্রম রণম রুধিরাম’। ১৯২০ সালের পটভূমিকায় তৈরি হবে এই সিনেমা। আগুন ও পানি, পৃথিবীর এই দুই মহাশক্তিকে নিয়ে গল্প ফেঁদেছেন পরিচালক। কিন্তু গল্পটির ব্যাপারে বিন্দুমাত্র ইঙ্গিত দেননি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এখানে প্রধান নারী চরিত্রে থাকবেন আলিয়া। এ ছাড়া এ সিনেমায় দেখা যাবে অজয় দেবগনকেও। আগামী বছরের জানুয়ারি মাসে এটি মুক্তি পাবে। ১০টি ভাষায় মুক্তি পাবে ‘আরআরআর’।
এর দুদিন আগেই আলিয়া জানান, তিনি রণবীর সিংয়ের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন। পরিচালনা করবেন সঞ্জয়লীলা বানসালি। আলিয়া ভালো করেই জানেন, কীভাবে মানুষের মনোযোগ সরানো যায়!