‘মাস্ক’ পরে নামাজ আদায়

প্রশ্ন : করোনাভাইরাসের প্রকোপের কারণে এখন মানুষের মধ্যে মাস্ক পরিধানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে অনেকে মাস্ক পরিধান করে নামাজ আদায় করছেন। অনেক স্থানে ইমাম সাহেবও মাস্ক পরে ইমামতি করছেন। এমন পরিস্থিতিতে মাস্ক পরে নামাজ আদায় করার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর : এ ক্ষেত্রে কোরআন-হাদিসের আলোকে মুফতিদের অভিমত হলো কোনো কারণ ছাড়া নাক-মুখ ইত্যাদি কাপড় দিয়ে ঢেকে নামাজ পড়া মাকরুহ। তবে কোনো সমস্যার কারণে নাক-মুখ ঢাকলে নামাজ মাকরুহ হবে না।

সে হিসেবে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার লক্ষ্যে কেউ যদি মাস্ক পরিধান করে নামাজ পড়েন, তাহলে তার নামাজ মাকরুহ হবে না। তবে শর্ত হলো নাক ও কপাল সেজদার সময় জমিনে ঠেকাতে হবে। যদি মাস্কের কারণে নাক ও কপাল জমিনে না ঠেকে, তাহলে নামাজ হবে না।

এ বিষয়ে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিনি বলেন, রাসুল (সা.) যেকোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় তার মুখম-ল ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৯৬৬)

আনাস ইবনে মালেক (রা.) আরেক হাদিসে বর্ণনা করেন, প্রচণ্ড গরমের মধ্যে আমরা আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে নামাজ আদায় করতাম। আমাদের কেউ মাটিতে তার চেহারা (কপাল) স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে তার ওপর সিজদা করত।’ (বোখারি শরিফ, হাদিস : ১২০৮)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, আমি সাতটি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য নির্দেশিত হয়েছি। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন, আর দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুলগুলো দ্বারা। আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নিই। (সহিহ বোখারি, হাদিস : ৮১২)

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, আল্লার রাসুল (সা.) আর্দ্র মাটিতে সিজদা করলেন। এমনকি আমি তার কপালে ও নাকে কাদার চিহ্ন দেখেছি। (সহিহ বোখারি, হাদিস : ২০৩৬)