করোনা ভাইরাসের কারণে আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়ে ইতিমধ্যেই সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শও দিয়েছে। যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাসহ বেশ কিছু বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
এদিকে এবার করোনা সচেতনতায় গান নিয়ে হাজির হলেন কুদ্দুস বয়াতি। ‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামের গানটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের ভিডিওতেও পারফর্ম করেছেন কুদ্দুস বয়াতি। গানের সুর ও সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। ভিডিও পরিচালনা করেছেন মাহিন আওলাদ। প্রোডাকশনে ছিল সিনেবাজ কোম্পানি। প্রযোজনা করেছে ব্র্যাক।
সচেতনতামূলক গানটির কথা:
জাইনা চলেন, মাইনা চলেন
জাইনা চলেন, মাইনা চলেন
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে,
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
সাবান পানি দিয়ে দুই হাত ধোবেন নিয়মিত
বিশ সেকেন্ড সময় নিয়ে হাত যে ধুয়ে নিব।
নিয়ম মেনে চলব সবাই রাখব কথা মনে
চোখে নাকে মুখে হাত দেব না অকারণে।
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
হাঁচি-কাশি দিবার সময় মনে রাখি সবে
নাকেমুখে কনুই দিয়ে ঢাইকা রাখতে হবে।
টিস্যু যখন আমরা করিব ব্যবহার,
মুখবন্ধ বিনে ফেলিব প্রতিবার।
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
যাব না যেখানে আছে লোকের সমাগম,
দূরত্ব বজায় রাখলে করোনার ঝুঁকি কম।
তিন ফিট দূরে থাকি চলেন বোন ও ভাই,
কফ-থুতু রাস্তা-ঘাটে ফেলাটা থামাই।
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
এখন থেকে করবো না আর করমর্দন, কোলাকুলি,
জ্বর-কাশি-শ্বাসকষ্ট হলে মাস্ক পরে ফেলি।
বিদেশ থেকে আসলে থাকি ১৪ দিন ঘরে,
একে অন্যের থেকে যেন রোগ ছড়ায় না পড়ে।
যদি দেখা দেয় আপনার করোনার লক্ষণ,
হটলাইনে ফোন করা বাদে কোথাও যাবেন না তখন।
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
জরুরি প্রয়োজনে বা করোনাভাইরাস সম্পর্কে জানতে সরকারি হটলাইন নাম্বার ৩৩৩ বা ১৬২৬৩ তে যোগাযোগ করুন।