করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রে আব্দুল খালেক নামে এক বাংলাদেশি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে।
তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের কানাইরালী গ্রামের মৃত হারুন-অর-রশিদের ছেলে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরণ করার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
আব্দুল খালেকের ভাই ঝিকরগাছার শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা আক্কাস জানান, ভাইয়ের সঙ্গে আমার ২৭ মার্চ রাতে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের এবং মৃতের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি ব্যাপকভাবে ভয় পাচ্ছি। তোরা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করিস। তারপর থেকে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম।
তিনি জানান, বাংলাদেশ সময় রবিবার বেলা ২ টায় আমার ভাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
আব্দুল খালেকের স্ত্রী শামীম আরা জানান, তাদের পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তিনি আতঙ্কিত হয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আব্দুল খালেক প্রায় ৪০ বছর আগে আমেরিকায় যান। সেখানে তার স্ত্রী, দুই কন্যা ও দুই পুত্র রয়েছে। তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে পাশেই জ্যামাইকা শহরে বসবাস করতেন।