দিনাজপুরের বিরামপুরে জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে মো. ফরহাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামে সোমবার ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য কার্যালয়।
মৃত ফরহাদ হোসেন তপসী গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে।
জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ফরহাদ হোসেন কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজ করতেন। তিনি কুমিল্লায় যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিক সৌদি প্রবাসী।
সম্প্রতি বাড়ির মালিক সৌদি থেকে দেশে আসেন। এরপর কুমিল্লার প্রশাসন সৌদি প্রবাসীর ওই বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
এ সময় গত ১০/১২ দিন আগে ফরহাদ হোসেন জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে কুমিল্লা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন।
এছাড়া ফরহাদ হোসেন জন্ডিসেও আক্রান্ত হন। কিন্তু ফরহাদ হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন।
সোমবার ভোরে ফরহাদ হোসেন মারা যান। ফরহাদ হোসেন মারা যাবার পর ওই পাড়ায় যাতে কোনো লোক ঢুকতে বা বের হতে না পারে সে জন্য গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।