করোনা তহবিলে আনুশকা-বিরাট দিলেন ৩ কোটি রুপি

ভারতীয় সেলিব্রিটি দম্পতি আনুশকা শর্মা ও বিরাট কোহলি করোনা তহবিলে ৩ কোটি রুপি দান করেছেন।

চলমান ২১ দিনের লকডাউনে শোচনীয় অবস্থায় পড়েছে অনেক নিম্ন আয়ের মানুষের। তাদের সহযোগিতায় অনেক সেলিব্রিটি এগিয়ে এসেছেন। তাদের সঙ্গে যোগ দিলেন সিনেমা ও ক্রিকেটের দুই তারকা।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ ‘পিএম-কেয়ারসে’ বিরুস্কা জুটি অনুদান দিয়েছেন। এ ছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে গেছে টাকার একটি অংশ।

এক যৌথ বিবৃতিতে পিএম-কেয়ারস ও মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদানের আহ্বান জানান সবার কাছে।এ ছাড়া ভিডিও বার্তার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে নাগরিকদের সাহায্য করার কথাও বলেন।

সারা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা এই উদ্যোগে যুক্ত হয়েছেন। আর সেলেবদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আর্থিক সাহায্য এসেছে অক্ষয় কুমারের কাছ থেকে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তিনি ২৫ কোটি রুপি দান করেছেন।

৩০ লাখ রুপি দিয়েছে বরুণ ধাওয়ান। রাজকুমার রাও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এবং জোমাটো ফিডিং ইন্ডিয়ায় অর্থ সাহায্য করেছেন। তবে কত টাকা দিয়েছেন তা জানাননি। এ ছাড়া মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে সব দৈনিক শ্রমিকের কাজ বন্ধ হয়ে গিয়েছে, তাদের ২৫ হাজার পরিবারের দায়িত্ব নিয়েছেন সালমান খান। তার সেচ্ছ্বাসেবী সংস্থা বিয়িং হিউম্যান এই পরিবারগুলোর অন্ন সংস্থান করবে।