করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরবন্দি থাকা বাগেরহাট পৌর এলাকার তিনটি বস্তির নি¤œ আয়ের শ্রমজীবী শতাধিক পরিবারের মধ্যে গত ২৬ মার্চ থেকে কোনো খাদ্য সহায়তা পৌঁছেনি। ফলে তাদের জীবন হয়ে পড়েছে দুর্বিষহ। এ পরিবারগুলো প্রশাসনের কাছে খাদ্য সহায়তা চেয়েছে। তবে জেলা প্রশাসন বলছে, এসব নি¤œ আয়ের মানুষের কাছে খুব শিগগির খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। গতকাল সোমবার সকালে বাগেরহাট পৌরসভার বস্তি এলাকায় ঘুরে নিম্ন আয়ের মানুষের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাসাবাটি বটতলা আব্দুল মান্নান ব্যাপারীর মালিকানাধীন বস্তির ২৭ পরিবারসহ রেলওয়ে কলোনি ও আমলাপাড়া এলাকার বস্তিগুলোতে সরকারি কোনো সাহায্য এখনো পৌঁছেনি। এসব বস্তিতে রিকশাচালক, ফেরিওয়ালা, অটোরিকশাচালক, দিনমজুরদের বসবাস।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরসভার ভেতরে থাকা বস্তিবাসীসহ নিম্ন আয়ের খেটে খাওয়া সব মানুষের তালিকা তৈরির কাজ চলছে। আগামীকাল (আজ) মঙ্গলবার থেকে এসব মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া শুরু হবে।