টোকিও অলিম্পিক শুরু ২০২১’র ২৩ জুলাই

টোকিও অলিম্পিক ২০২০ হবে ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং জাপানের অলিম্পিক আয়োজক কমিটি আলোচনার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করেছে।  গতকাল নতুন তারিখ ঘোষণা করেন টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। তিনি আরও জানিয়েছেন টোকিও প্যারা অলিম্পিক গেমস শুরু হবে ২৪ আগস্ট, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

চলতি বছরের ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের মহামারীতে তা আয়োজন করা সম্ভব ছিল না। গত সপ্তাহেই অলিম্পিক পিছিয়ে দেওয়ার জন্য আইওসির প্রেসিডেন্ট  টমাস বাখের কাছে অনুরোধ করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার অনুরোধেই অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অলিম্পিক এক বছর পিছিয়ে গেলেও নাম কিন্তু একই থাকছে। ‘অলিম্পিক অ্যান্ড প্যারা অলিম্পিক গেমস টোকিও ২০২০’ নামেই হবে ইভেন্টটি। আর অলিম্পিক মশালও বিশ্ব পরিক্রমা মুলতবি রেখে এক বছর জাপানেই থাকবে। ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। এর আগে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক তিনবার বাতিল হয়েছিল। এবারই করোনা মহামারীর কারণে প্রথম অলিম্পিক পিছিয়ে গেল।