নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি সংবাদিক স্বপন হাই মারা গেছেন। স্থানীয় সময় সোমবার দুপুরে কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্বপন হাইয়ের ছেলে আহনাফ আরাবী মিশাল সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
এছাড়া সোশ্যাল মিডিয়া পোস্টে খবরটি শেয়ার করেন ঢাকার সাংবাদিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন। তিনি লেখেন, “করোনার নির্বিচার শিকার হলো আমার এক সময়ের সহকর্মী ও বন্ধু স্বপন। এই প্রথম এত কাছের এবং এত পরিচিত কেউ করোনার শিকার হলো। সত্যি জীবন কত অনিশ্চিত।”
দৈনিক মানবজমিনের এক সময়ের সিনিয়র ক্যামেরাপারসন স্বপন হাই কিডনি জটিলতায়ও ভুগছিলেন।
এই নিয়ে স্বপন হাই-সহ করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২৫ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রবাসীরা জানান, নিউইয়র্ক এখন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের মূল কেন্দ্রস্থল। সেখানে খুব দ্রুত মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। রবিবার পর্যন্ত নিউইয়র্কে প্রায় ৬০ হাজার মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, মারা গেছে প্রায় এক হাজার জন। এর আগে শুক্রবার পর্যন্ত নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।