বরইছড়া গ্রামকে লকডাউন মুক্ত ঘোষণা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বরইছড়া গ্রামকে মঙ্গলবার সকালে লকডাউন মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এর আগে করোনাভাইরাসের লক্ষণ আছে এমন সন্দেহে এক নারীর মৃত্যুর ঘটনায় রবিবার বিকেলে ওই গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত না হওয়ায় লকডাউন তুলে নেওয়া হয়েছে। তবে, ওই পরিবারের দুই শিশুর সর্দি ও কাশি রয়েছে। এ কারণে পরিবারের সদস্যদের সর্তকতামূলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

উল্লেখ্য চার দিন ধরে হরিরামপুরের বড়ইছড়া গ্রামের নিতাই সরকারের স্ত্রী সুচিত্রা সরকার (২৬) জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এবং দুইদিন ধরে পাতলা পায়খানা হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রবিবার সকালে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিহত নারী সুচিত্রা সরকার (২৬) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সিভিল সার্জন আরও বলেন, রবিবার সকালে নিহত ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ বিদ্যমান থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ওই প্রতিষ্ঠানে। সোমবার রাতে ওই নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, ওই নারী কোভিড-১৯ আক্রান্ত ছিলেন না।