করোনাভাইরাসের কারণে ঝুলে গেছে আইপিএলের ১৩তম আসরের ভাগ্য। আপাতত স্থগিত থাকা এই আর এবার আদৌ মাঠে গড়াবে কিনা সে নিয়েও সন্দিহান অনেকে। সবকিছু স্বাভাবিক হলেও আইপিএল আয়োজনের জন্য ফাঁকা সময় পাওয়া যাবে কিনা সেটিই যত চিন্তার কারণ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন অক্টোবর-নভেম্বরের সময়টার দিকে তাকিয়ে।
এই সময়ে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যদি এই আসর স্থগিত করে আইসিসি, তবে এই সময়টাতে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এমনটাই লেখা হয়েছে।
এ বছর অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা। ফাইনাল ১৫ নভেম্বর। তবে করোনাভাইরাসের কারণে এই আসরও হুমকির মুখে। আর ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও ১৫ এপ্রিল পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।
ভারত জুড়ে এখন লকডাউন চলছে। আন্তর্জাতিক সীমানাও বন্ধ রয়েছে। বিষয়টি উল্লেখ করে বিসিসিআইয়ের সূত্র জানায়, ‘এমন পরিস্থিতে অক্টোবর-নভেম্বরে একমাত্র উইন্ডো রয়েছে। কিন্তু সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সাংঘর্ষিক। এমন অবস্থায় আইসিসি যদি বর্তমান পরিস্থিতি বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে আমরা অক্টোবর-নভেম্বর উইন্ডোর দিকে তাকাতে পারি। কারণ এখন সব দেশেই যদি ৬ মাসের সীমানা লকডাউন শুরু হয়, তবে সেটি অক্টোবরের শুরুতে শেষ হয়ে যাবে। তবে সবকিছুর আগে করোনাভাইরাস বিস্তার বন্ধ হতে হবে এবং সবকিছু মানুষের নিয়ন্ত্রণে আসতে হবে।’
এদিকে আইসিসি বলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের কোনো পরিকল্পনা বা ভাবনা আপাতত তাদের নেই। আইসিসির একজন অফিশিয়াল জানান, ‘এই বছর অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের বিষয়ে কোনো ধরনের আলোচনা এখনো হয়নি।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টস আগেই জানিয়েছেন, সব স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়েই আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।