নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকায় অষ্টমী স্নানে লোক সমাগম ঠেকাতে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। করোনাভাইরাসের কারণে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থভূমি ঐতিহাসিক লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিথী লগ্ন অনুযায়ী আদি ব্রহ্মপূত্র নদের তীরে মঙ্গলবার বিকাল ৫টা থেকে অষ্টমী স্নান শুরু হয়ে বুধবার রাত ১০টা পর্যন্ত স্নানোৎসব হওয়ার কথা ছিল।
এবার করোনাভাইরাসের কারণে পূর্বে বন্ধ ঘোষণা করলেও মঙ্গলবার সকাল থেকে লাঙ্গলবন্দে জসমাগম না করতে এবং পু্ন্যার্থীদের আগমন ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ। পুলিশের এশাধিক টিম স্নানোৎসবের তিন কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্ট ঘেরাও করে রেখেছে।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার দেশ রূপান্তরকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল, তীর্থ যাত্রাসহ সবরকম জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, শত বছরের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থভূমি লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রতি বছর উৎসবমুখর হয়ে উঠে লাঙ্গলবন্দ। এবার করোনা পরিস্থিতির কারণে লোক সমাগমে নিষেধাজ্ঞা থাকায় আমাদের পুলিশ সদস্যরা লাঙ্গলবন্দের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। যেন লোকসমাগম না হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাদল চন্দ্র দেশ রূপান্তরকে বলেন, তীর্থ স্থান লাঙ্গলবন্দে দুই দিনব্যাপী স্নানোৎসবে প্রতি বছর বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল থেকে প্রায় ১০ লাখ দর্শণার্থী অংশ নেয়। এবারও পূর্ণ প্রস্তুতি ছিল। করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্নানোৎসব বন্ধ করা হয়।