মেহেরপুরের গাংনীতে ওমর আলী (৫০) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গমের ন্যাড়া নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাত ১১টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ধর্মচাকী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওমর আলী ওই গ্রামের মজের আলীর ছেলে।
নিহতের স্ত্রী পারভীনা খাতুন জানান, ধর্মচাকী গ্রামের বুলুর ছেলে জাহিদের ট্রলিতে ৩০০ টাকা পারিশ্রমিকে তার ছেলে পারভেজ হোসেন দিনমজুরের কাজ করতেন। পরে ৪শ’ টাকা মজুরে পারভেজ অন্য জায়গায় কাজ করতে গেলে বিরোধের সূত্রপাত হয়।
ঘটনার দিন বিকেলে পারভেজ বাড়ি যাওয়ার সময় বুলুর জমিতে পড়ে থাকা কিছু গমের ন্যাড়া নিয়ে বাড়ি যায়। এতে ক্ষুব্ধ হয় বুলু। রাতে তার স্বামী ওমর আলীসহ ছেলেরা মিলে বুলু ও তার ছেলে জাহিদ হোসেনের কাছে গিয়ে ঘটনার জন্য ক্ষমা চাইতে যান।
এ সময় পারভেজকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বাবা ওমর আলী প্রতিবাদ করতে গেলে তারা ধারালো হাঁসুয়া দিয়ে ওমর আলীকে কুপিয়ে হত্যা করে। তাদের হাঁসুয়ার কোপে স্ত্রী পারভীনা খাতুনও আহত হয়।
পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পারভেজকে মৃত ঘোষণা করেন।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, হাসপাতালে আসার আগেই ওমর আলীর মৃত্যু হয়। এছাড়া ওমর আরীর স্ত্রী পারভীনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল করেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।