করোনা আক্রান্ত সন্দেহে রাজবাড়ী থেকে ঢাকায় পাঠানো এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
মৃত ওই রোগীর বয়স ৬০ বছর। তার বাড়ী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ায়। তিনি স্থানীয় শ্রীপুর বাজারে সবজি বিক্রি করতেন।
মঙ্গলবার সকালে সর্দি, জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে পর্যবেক্ষণে থাকা ওই রোগীর দেহে করোনা সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করেন স্থানীয় চিকিৎসকরা। পরে তার রোগ নির্ণয়ের জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
রোগী বহনকারী রাজবাড়ী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মাইনুদ্দিন খান জানান, দুপুরের পর রোগীকে ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি রাজবাড়ীতে ফিরে আসেন।
রোগীর প্রতিবেশী অ্যাডভোকেট বাবন চক্রবর্তী জানান, রোগীর সঙ্গে থাকা তার স্ত্রী কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তির আবেদন করার পর তাতে সাড়া না পাওয়ায় তারা একটি প্রাইভেটকার যোগে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। বাড়ী ফেরার পথে রাত ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় রোগীটির মৃত্যু হয়।
রাতে পুলিশের সহায়তায় শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ায় নিজ বাড়ীতে লাশ রাখা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় লাশ দাফনের প্রস্তুতি চলছে। তবে ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা না করায় তার দেহে করোনা সংক্রমিত হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার জানান, ওই রোগীকে চিকিৎসা সেবা প্রদানকারী মেডিসিন কনসালটেন্ট ডা. শামীম আহসান ও এক্সরে টেকনিশিয়ান ফিরোজ আহম্মদকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।