মধ্যরাতে মদ্যপান করে গৃহবধূকে শ্লীলতাহানি, আ. লীগ নেতাকে গণপিটুনি

মধ্যরাতে মদ্যপান করে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

বুধবার রাত সাড়ে ১২টায় বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ রাতেই বাবু সরদারকে (৪৫) আটক  করে থানায় নিয়ে যায়। বাবু সরদার বেনাপোল পৌরসভার ছোটআচঁড়া গ্রামের মৃত আকবর আলী ওরফে ক্লে আকবারের ছেলে।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, তার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত সাড়ে ১২টার সময় ঘরের বাইরে বাথরুমে যান।ঘরে ফেরার সময় স্থানীয় বাবু সরদার মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় তাকে জড়িয়ে ধরে কাপড় ধরে টানাটানি করেন। এ সময় তার স্ত্রী চিৎকারে তিনি ঘর থেকে বের হয়ে স্ত্রীকে বাবু সরদারের হাত থেকে রক্ষা করতে গেলে তাকে লাইট দিয়ে বাবু সরদার আঘাত করেন। এ সময় তার স্ত্রী তাকে ঠেকাতে গেলে স্ত্রীর মাথায়ও লাইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে বাবু সরদার দৌড়ে পালিয়ে যায়। তার স্ত্রীকে নাভারন বুরুজ বাগান হাতাপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

ঘটনার শিকার ওই নারী বলেন, বাবু সরদার খারাপ কাজের উদ্দ্যেশ্য আমাকে গভীর রাতে কাপড় ধরে টানাটানি করে। এ সময় সে মদ্যপান করা অবস্থায় ছিল।

স্থানীয় বেনাপোল পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তিপদ গাঙ্গুলী বলেন,রাতে ঘটনা জেনে আমি দ্রুত থানায় ফোন করলে থানা থেকে পুলিশ এসে বাবু সরদারকে আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই নারীর স্বামী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, রাতে ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে বাবু সরদারকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১০টার সময় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। আসামিকে যশোর আদালতে পাঠানো হবে বিকেলে।