মুন্সীগঞ্জ শহরে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সদরের ইউএনও ফারুক আহাম্মেদ।
শহরের গনকপাড়া এলাকার মুক্তিযোদ্ধা কাজী জালাল উদ্দিনের বাড়িতে গত মঙ্গলবার রাতে হাজির হন তিনি।
এ সময় চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিলে আবেগ আপ্লুত হয়ে পড়েন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন।
তিনি বলেন-করোনাভাইরাস সংক্রমণের দু:সময়ে এভাবে বাড়ি খুঁজে খাদ্য নিয়ে ছুটে আসা-সত্যিই আমার সন্তানের মতোই কাজ করেছেন ইউএনও ফারুক আহাম্মেদ। এতে আমি অনেক খুশি ও আনন্দিত হয়েছি।
এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়াও সদরের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও ফারুক আহমেদ।
তিনি জানান, এরই মধ্যে জেলা সদরে বরাদ্দ দেওয়া হয়েছে ২৬ মেট্রিক টন চাল ও ২ লাখ ৩২ হাজার টাকা। এ চাল ও টাকা ২ হাজার ৬০০ জনের মধ্যে বিতরণ করা হচ্ছে।