খাদ্য-সামগ্রী বিতরণ করলেন আব্দুর রহমান

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় দরিদ্র, দিনমজুর ও অসহায়দের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।

বুধবার বিকেলে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বলেশ্বর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৫শ জনের প্রত্যেককে ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি আলু, সাবান ও মাস্কসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।  

আব্দুর রহমান বলেন, করোনাভাইরাস বিশ্ব আজ মহামারি আকার ধারণ করেছে। আমাদের কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই। দেশে খাদ্য মজুত আছে।

রহমান বলেন, আমাদের এখন যেটা করতে হবে তা হলো নিয়ম মানতে হবে, ঘরে থাকতে হবে। নিজেকে এই সংক্রমণ থেকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে পরিবার, পাড়া-প্রতিবেশীকে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য রইচ উদ্দিন ফকির প্রমুখ।