কালোবাজারে বিক্রির অভিযোগ

সাতক্ষীরায় ১২৭০ কেজি চালসহ ডিলার আটক

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১২৭০ কেজি চাল (৪২ বস্তা) কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার মুজিবর সানাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে আশাশুনি থানার ওসি আবদুস সালাম চালসহ মুজিবর সানাকে আটক করেন।

এ ঘটনায় মুজিবর সানাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক মুজিবর সানার বাড়ি বড়দল গ্রামে।

আশাশুনি থানার ওসি আবদুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) ১২৭০ কেজি চাল কার্ডধারী হতদরিদ্র মানুষের মধ্যে না দিয়ে তিনি ওই চাল কালোবাজারে বিক্রি করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার শাহাজান আলী গাজীর দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় শাহাজান গাজী পালিয়ে যায়। পরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে মুজিবর সানাকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক ডিলার মুজিবর সানা ও পলাতক শাহাজান গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করেন, এর আগে একবার ডিলার মুজিবর সানা গরিবের জন্য বরাদ্দ চাল কালোবাজারে বিক্রি করলে ওই চাল জব্দ করেন স্থানীয়রা।

পরে চাল ফেরত এনে গরিবদের মধ্যে বণ্টন করার পর সে যাত্রায় তিনি রেহাই পান।