ঝিনাইদহে সংঘর্ষে আহত ১৫

জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই উপজেলার যাদবপুর গ্রামের জব্বার হোসেনের সঙ্গে একই গ্রামের উজ্জল হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের মধ্যে সালিশ বৈঠক হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আতিকুর রহমান, সাবিনা খাতুন, জব্বার হোসেন, পারভীনা আক্তার ও শাহানাজ পারভীনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, ওই গ্রামে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।