কোনো রোগীই যেন চিকিৎসাসেবা বঞ্চিত না হয় : জিএম কাদের

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বর্তমানে সর্দি, কাশি ও জ¦র নিয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। গতকাল বুধবার পুরান ঢাকার লালবাগ, বাংলাবাজার ও নাজিমউদ্দিন রোডে দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি।

এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জিএম কাদের বলেন, ‘ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। অনেক ডাক্তার সর্দি, কাশি ও জ¦রে আক্রান্ত রোগীদের কলে আসছেন না বা রোগীদের দেখতে চাচ্ছেন না, এটি একেবারেই অমানবিক। কোনো রোগীই যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।’

তিনি আরও বলেন, ‘সরকারিভাবে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু তারপরও অনেক জায়গায় অসহায় মানুষরা ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকু পাচ্ছে না। অনেকেই বেকার হয়ে পড়েছে। তাদের অন্য কোনো উপায় নেই। তাই বর্তমান বাস্তবতায় ত্রাণ বিতরণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।