সোনারগাঁয়ে ইউপি সদস্যের পক্ষে করোনার মধ্যেও মানববন্ধন

সোনারগাঁয়ে এক ইউপি সদস্যসহ ৬ জনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বর্তমান করোনা পরিস্থিতিতে জনসমাগম না করার সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভৌমিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সমর্থকেরা ভৌমিকপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ওই এলাকার কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করে।

এলাকাবাসী জানায়, বুধবার সকালে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য  নেহাল উদ্দিন মেম্বারসহ তার লোকজন বাড়িতে ফেরার পথে রফিকের বাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে লাধুরচর পাঁচানীপাড়া এলাকায় বাবুলের নেতৃত্বে আউয়াল, আশিক, মিজান, এছাক, সিরাজ, আল-আমিন, আলমগীর, দাউদ, রিপন, হারুন, মোজাম্মেল, কালাই চাঁন ও মুসা ইউপি সদস্য নেহাল উদ্দিন, সিরাজ, আমিন উদ্দিন মেম্বার, জহিরুল, কায়েস, শাহিন ও তানবির হোসেন রুবেলের পথরোধ করে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও  সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ দেওয়ান বলেন, হামলার ঘটনাটি আমি শুনেছি। তবে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করা হচ্ছে।

সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, ঘটনার পর দুজনকে গ্রেপ্তার করা হলেও স্থানীয়ভাবে মীমাংসার শর্তে রাতেই আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।